

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনার আটপাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত খোকন মিয়ার পরিবার। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে আটপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে খোকন মিয়ার পরিবারের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন তার ভাতিজা দূর্জয় ইসলাম। তিনি দাবি করেন, তার চাচার বয়স ৬০ বছর। আর অভিযোগকারী শিশুটির বয়স ১০ বছর। শিশুটি তার চাচার সন্তানের বয়সী।
এ বিষয়ে দূর্জয় ইসলাম বলেন, সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় এক মাস আগে খোকন মিয়ার স্ত্রী মারা যান। এরপর তিনি গ্রামের কয়েকজন এতিম শিশুকে খাওয়ানোর আয়োজন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ তার চাচার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ দিয়েছে বলে তার দাবী। অভিযোগে যে সময়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে সে সময় খোকন মিয়া বাড়িতে ছিলেন না। তিনি অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুলশ্রী গ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির দাদি বাদী হয়ে আটপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১৩/১১/২০২৬ ইং




