

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইমাম হোসেন (৫৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকসংক্রান্ত আগের ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক অপর ব্যক্তি হলেন মীর এনামুল হক (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফনি ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে মাদক সেবনের সঙ্গে সংশ্লিষ্ট আলামত পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, অভিযানে বাড়ির ভেতর থেকে সরাসরি কোনো মাদক উদ্ধার হয়নি। তবে ইয়াবার গুঁড়া এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। আটকের সময় দুজনই মাদক সেবন করছিলেন বলে জানান তিনি।
পরে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।





