

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বাড়ি নির্মাণের পারিশ্রমিক ও রাস্তার জমি নিয়ে বিরোধের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) পুলিশ এ তথ্য জানায়।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে আজিজুল হকের ছেলে আল-রোমানের বিরোধ চলছিল। একই সঙ্গে বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে আল-রোমানদের সঙ্গে স্থানীয় আশিকুজ্জামান আলো মিয়া ও তাঁর ভাই আসাদুজ্জামানের বিরোধ ছিল।
পুলিশ জানায়, রোববার দুপুরে ফরতাজ হোসেন, আশিকুজ্জামান ও আসাদুজ্জামান আল-রোমানদের বাড়িতে যান। সেখানে আল-রোমানের মা রোমানা আক্তারের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় বিরোধ মীমাংসার জন্য উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়।
একপর্যায়ে তাঁর ওপর হামলা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাঁকে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য, মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তাই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আসাদুজ্জামানকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ভোর ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁর ভাই আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।




