

মোসাদ্দেক ইমন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রনেতা আলাউদ্দিন শেখ সুমন। পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন আলাউদ্দিন শেখ সুমন। দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতেও তার অংশগ্রহণ ছিল বলে জানা গেছে।
সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব পাওয়ার পরপরই পারিবারিক ও ব্যক্তিগত বাস্তবতার কারণে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
পদত্যাগের বিষয়ে আলাউদ্দিন শেখ সুমন বলেন, “আমি সবসময় পদ-পদবির চেয়ে সংগঠন ও দেশকে বড় করে দেখেছি। দীর্ঘদিন রাজপথে থেকেছি দলের গণতান্ত্রিক ও বহুদলীয় আদর্শ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।”
তিনি বলেন, “দলীয় নেতৃত্বের ভালোবাসা ও আস্থার কারণে বিভিন্ন সময়ে সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য সম্মানের বিষয়। কিন্তু বর্তমান পারিবারিক ও ব্যক্তিগত বাস্তবতার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব শতভাগ সময় ও মনোযোগ দিয়ে পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
নিজের রাজনৈতিক পথচলায় সহযোগিতার জন্য দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে আলাউদ্দিন শেখ সুমন বলেন, “রাজনীতি আমার কাছে কখনো ব্যক্তিগত লাভ বা পদ-পদবির বিষয় ছিল না। দায়িত্বে না থাকলেও মানুষের কল্যাণে কাজ করা যায়। পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে আবারও সংগঠনের জন্য কাজ করার সুযোগ তৈরি হলে নিজেকে সম্পৃক্ত করতে প্রস্তুত থাকব।”
পদত্যাগের মধ্য দিয়েও দলীয় আদর্শের প্রতি শ্রদ্ধা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই ছাত্রনেতা।




