

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে মো. আলম (৪০) নামে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই (এলএমএস) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল ও টেকনাফ মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ১৬২ নম্বর শেডে অবস্থানরত মো. আলমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় ২০২২ সালের ৫ মে দায়ের করা ১১ নম্বর মামলায় জিআর ৪০৪/২২ (টি) নম্বরের ওয়ারেন্ট রয়েছে। মামলাটি জুয়া আইন, ১৮৬৮-এর ৩ ও ৪ ধারায় দায়ের করা হয়েছিল।
পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




