

এম এ হোসেন পাটোয়ারী, পীরগাছা উপজেলা প্রতিনিধি, রংপুর।
রংপুরের পীরগাছায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বাড়িতে দফায় দফায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের মারধরে বৃদ্ধ, তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল মজিদ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে পীরগাছা আমলি আদালতে সি.আর. মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পীরগাছা থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর তাম্বলপুর ইউনিয়নের রহমতচর গ্রামের মৃত ইমান ব্যাপারীর ছেলে আব্দুল মজিদের সঙ্গে প্রতিবেশী একটি প্রভাবশালী মহলের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাঁর সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছিল।
মামলার বিবরণে বলা হয়, গত ১ নভেম্বর বিকেলে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে অতর্কিতে আব্দুল মজিদের বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন ২ নভেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় আব্দুল মজিদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দোকানের তালা ভেঙে নগদ টাকা, এলইডি টিভি, আইপিএস, সিসি ক্যামেরা, ফ্রিজ ও গবাদিপশুসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
অভিযোগে আরও বলা হয়, হামলা প্রতিরোধ করতে এগিয়ে এলে প্রধান আসামির নির্দেশে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আব্দুল মজিদ, তাঁর স্ত্রী, সন্তান এবং কয়েকজন সাক্ষীকে বেধড়ক মারধর করা হয়। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
তারিখ: ১১ নভেম্বর ২০২৬




