

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে সেপ্টেম্বর কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন মাস্টারের সার্বিক আয়োজনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও আগামী দিনের পথচলার দিকনির্দেশনা দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি । অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী এমপি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে একজন আদর্শ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ও ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একই সাথে দেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
গোলাম রব্বানী এমপি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার তাগিদ দেন।শুধু জিপিএ-৫ পাওয়ার লক্ষ্যেই সীমাবদ্ধ না থেকে, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিতে এখন থেকেই কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন।স্মার্ট বাংলাদেশ’ গড়তে কৃতি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজক ও কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন মাস্টার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার পরামর্শ দেন।




