

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মইজ্জারটেক ইউসিবিএল ব্যাংক চত্বরে সামাজিক সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম।
কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের প্রতি বৈষম্য না করার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা, কর্ণফুলী থানার ওসি নূর আহমদ, চরপাথারঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. মঈন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর মেম্বার, রোটারিয়ান এস. এম. আজিজ, প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।




