

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৩৫০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেটসহ মো. মোশরেকুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের “খ” সার্কেল (মিঠাপুকুর)-এর উপ-পরিদর্শক (এসআই) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মিঠাপুকুর থানাধীন ০৪ নং ভাংনী ইউনিয়নের বুজরুক তাজপুর উত্তর পাড়া গ্রামের জনৈক মো. আশরাফুল ইসলামের মুদি দোকানের সামনের দক্ষিণ পার্শ্ব থেকে মো. মোশরেকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত জ্যাকেটের বাম পাশের ভেতরের বুক পকেট থেকে দুটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত মোট ৩৫০ পিস মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত গোলাপী বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থলে ডিজিটাল নিক্তিতে পরিমাপ করে ইয়াবাগুলোর মোট ওজন পাওয়া যায় ৩৫ গ্রাম।
গ্রেফতারকৃত আসামি মো. মোশরেকুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের (০৪ নং ওয়ার্ড) বুজরুক তাজপুর উত্তর পাড়া গ্রামের মো. আনারুল ইসলাম ও মোছা. মরিয়ম বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় উপ-পরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।




