

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে একযোগে ৫৬টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতার প্রয়োজন রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।




