

বিশেষ প্রতিনিধি ফারুক আহমদ, গাজীপুর।
গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাব জেলা ও মহানগর শাখার নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় গাজীপুরের ইকবাল কুঠির, হাবিবুল্লাহ সরণিতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি বাদ মাগরিব পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াসিন গাজী এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা, নিরাপত্তাহীনতা, হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় একটি শক্তিশালী ঐক্যবদ্ধ সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিপদে পাশে দাঁড়ানো, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নে বাংলাদেশ প্রেস ক্লাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে। গাজীপুর জেলা ও মহানগর শাখার নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন। তিনি বলেন, “এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সংবাদ ও সাংবাদিকদের মান উন্নয়নে যা কিছু করার সম্ভব, তা করব ইনশাআল্লাহ।”
তিনি আরও সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা, সংগঠনের কার্যক্রম শক্তিশালী করা এবং সংবাদমাধ্যমের মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও সংগঠনের সদস্যদের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, গাজীপুর জেলা ও মহানগর শাখার নিজস্ব কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।




