


নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) গাজীপুর মহানগরের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির আধার নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাবাড়ী মেট্রো থানা শাখার আমির ডা. মো. কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাজমুল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল আলিমসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।




