

রংপুর প্রতিনিধি :
মিঠাপুকুর প্রেসক্লাবের অন্যতম সদস্য, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রোকনুজ্জামান রুবেলকে সংবাদ প্রকাশের জেরে কোমরগঞ্জ বাজারে মাদক কারবারি আজিজুল কর্তৃক হেনস্তা ও মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মিঠাপুকুর প্রেসক্লাব।
ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার করায় আমরা মিঠাপুকুর থানা পুলিশকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পুলিশের এই দ্রুত পদক্ষেপ আইনের শাসন প্রতিষ্ঠায় একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
একই সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য প্রকাশে কোনো বাধা বা হুমকি সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।