

বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা,
মহান নভেম্বর বিপ্লবের ১০৯তম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীকান্তপুর এসডি-১ বাসস্ট্যান্ডে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। SUCI (C)-র পক্ষ থেকে আয়োজিত এই সভায় নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব, মার্ক্সবাদ এবং শ্রমজীবী মানুষের অধিকার ও শোষণমুক্ত সমাজ গঠনের আদর্শ তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯১৭ সালের ৭ থেকে ১৭ নভেম্বর (তৎকালীন রাশিয়ার প্রচলিত ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর বিপ্লব) মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে রাশিয়ায় শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। বিশ্ব ইতিহাসে এই বিপ্লব ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ নামে পরিচিত। এই বিপ্লবের মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার এক নতুন ঐতিহাসিক পথ উন্মোচিত হয়।
SUCI (C)-র বক্তব্য অনুযায়ী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শাসক দল বিজেপি ও আরএসএসের পক্ষ থেকে মহান নেতা লেনিন, স্ট্যালিন এবং মার্ক্সবাদের অবদান ও গুরুত্বকে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে লেনিনের মূর্তি ভাঙার ঘটনাও সেই রাজনৈতিক ও আদর্শগত বিতর্ককে সামনে এনেছে।
এই পরিস্থিতিতে মহান নভেম্বর বিপ্লবের প্রকৃত শিক্ষা, ইতিহাস এবং শ্রমজীবী মানুষের সংগ্রামের তাৎপর্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই জনসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন SUCI (C)-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বলরাম কয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বনমালী পণ্ডা। এছাড়াও বক্তব্য রাখেন SUCI (C)-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড বিশ্বনাথ সরদার।
সভায় বক্তারা নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য, মার্ক্সবাদী আদর্শ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করেন।