

১৬ দলের অংশগ্রহণে জামগ্রামে জমজমাট ফুটবল আসর, উদ্বোধনী দিনে দর্শকের ঢল
মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে লাখ টাকার প্রাইজমানির ফুটবল টুর্নামেন্ট। রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের সৌজন্যে এবং সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লড়াই। নকআউট ও সেমিফাইনাল পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে সেরা দুই দল। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এ জমজমাট ফুটবল আসরের। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজমানি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মো. সামসুর রহমান মিন্টু।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের পরিচালক এমএ মো. আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর কৃষক দলের সদস্যসচিব মো. আ. আজিম (আল-আমিন)। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আবু নঈম মো. সামসুর রহমান মিন্টু বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। গ্রামীণ পর্যায়ে এ ধরনের বড় আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে বিকেল থেকেই জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ক্রীড়াপ্রেমী দর্শকদের সমাগম ঘটে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের সৌজন্যে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে বাগমারার গ্রামীণ ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।