

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি:
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন—যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা এবং বর্তমানে শার্শার নাভারণের বুরুজবাগান এলাকায় বসবাসকারী মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী এলাকার আবু সাঈদের ছেলে আলম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দুই দিন আগে যশোর শহরের রায়পাড়া মাদ্রাসা রোড এলাকায় বাপ্পি, তাঁর ভাগ্নে জীবনসহ স্থানীয়রা ওই দুইজনকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন বলে দাবি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আল মামুন জানান, চুরির ঘটনায় জড়িত সন্দেহে রোববার ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক দুজন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাঁদের মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি মডেল থানায় মোট ৯টি মামলা রয়েছে।
ভুক্তভোগী এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয়।
ঘটনার পর থেকে মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় দুইজনকে আটকের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে চক্রের অন্য সদস্য ও তাঁদের আশ্রয়দাতাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।