

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে নবনিয়োগপ্রাপ্ত ৮৩ জন সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। আজ ৪ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র এবং জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান সমন্বয়ক ও নির্দেশক হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) মোঃ শাহেদুল হক।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শ্রেণিকক্ষ পরিচালনা এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ও কার্যকর ধারণা দেওয়াই এই ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষকেরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক পরিবেশে পাঠদান করাতে পারবেন।
ওরিয়েন্টেশন কোর্সে উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় এবং বিশেষ অতিথি এটিও মোঃ শাহেদুল হক নতুন শিক্ষকদের স্বাগত জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠাবান, আন্তরিক ও তথ্যপ্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টদের আশা, নতুন এই শিক্ষকদের হাত ধরে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আরও গুণগত পরিবর্তন, সৃজনশীলতার বিকাশ এবং একটি আলোকিত আগামী গড়ে উঠবে।