

রংপুর প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ থেকে ১৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বৈরাগীগঞ্জ বাজার সংলগ্ন শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী 'খান পরিবহনের' একটি যাত্রীবাহী নৈশকোচ বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের আইল্যান্ডে গিয়ে আছড়ে পড়ে এবং দুমড়েমুড়ড়ে যায়। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।