

সাজেদুর রহমান সবুজ রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ১৬ প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার গোপালপুর ইউনিয়নের সাহালমপুর বিষ্ণু মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ১২ নং গোপালপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন, মিঠাপুকুর উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি হাফিজুর রহমান ফকির সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রব্বানী বলেন, মিঠাপুকুর সম্প্রীতির জনপদ। এখানে আবহমান কাল ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। আমাদের এই সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে ও নিরাপদে পালন করবে—এটাই আমাদের মূল লক্ষ্য। যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
মন্দির কমিটির নেতৃবৃন্দের আয়োজনে উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬ প্রহরব্যাপী আয়োজিত এই অষ্টকালীন লীলা কীর্তনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়ারা রাধাকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করেন। ধর্মীয় এই আয়োজনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে।