

রিপন হোসেন
প্রতিনিধি,মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দা উপজেলায় এক আদিবাসী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। কোনোভাবেই নারী ও শিশুর প্রতি এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, একটি সভ্য সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের কোনো স্থান থাকতে পারে না। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অপরাধীর পরিচয় বা সামাজিক অবস্থান যা-ই হোক না কেন, আইনের দৃষ্টিতে সবাই সমান—এ নীতি বাস্তবায়ন করতে হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ঘটনার সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করবে।