

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পশ্চিম ঘোড়াবান্দ এলাকায় ঢেপা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন নদীর দুই পাড়ের কয়েকটি গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন ও কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে ঢেপা নদী। নদীর দুই পাড়ে পশ্চিম ঘোড়াবান্দ, পাল্টাপুর, কাজল, বাঘপুর, রামপুর ও মালগ্রামসহ কয়েকটি গ্রামের শত শত পরিবার বসবাস করে। কিন্তু দীর্ঘদিনেও নদীর ওপর স্থায়ী সেতু নির্মিত না হওয়ায় প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে নদী পারাপারে নৌকা এবং শুকনো মৌসুমে অস্থায়ী বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয়। এতে শিক্ষার্থী, কৃষক, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনেক সময় নৌকা না পাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না। নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অতীতে এ ঘাটে নৌকাডুবির ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নেতা শফিউল আলম শাফু বলেন, দীর্ঘদিনের এ সমস্যায় নদীর দুই পাড়ের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসাসেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে। তাই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে দ্রুত এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
রামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার রায় বলেন, নদীতে সেতু না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকার ওপর নির্ভর করতে হয়। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সেতু নির্মাণ জরুরি।
এলাকাবাসী জানান, সেতুর অভাবে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহন ও দৈনন্দিন কৃষিকাজেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব এবং দুই উপজেলার মানুষের নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে পশ্চিম ঘোড়াবান্দ এলাকায় ঢেপা নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।