

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনে আগুন দিয়ে ভিডিও ধারণ করে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবকের উপস্থিতি দেখা যায়। আগুন দেওয়ার পরপরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। ভিডিওতে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।
এদিকে, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম। তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও ধারণ করে পালিয়ে যায়। বন্ধ থাকা স্টেশনটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাটলী ও সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।