

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মির্জা ফয়সল আমীন।
নির্বাচনের পরদিন সকালে তিনি ছুটে যান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব দেলোয়ার হোসেনের বাসভবনে। সেখানে তাঁদের মধ্যে কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তাঁরা। একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনসেবার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
মতবিনিময়কালে ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয়েই।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার এমন উদ্যোগ স্থানীয় রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির এক সুন্দর বার্তা বহন করছে।
প্রতিদ্বন্দ্বিতা নয়, হোক সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি—এমন প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর।