

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনীতে চারজনকে অপহরণের মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী জুম্মাপাড়ার বাসিন্দা খালেকুজ্জামান ওরফে খুইল্ল (২৮) ও নবী হোসেন (৩৪)।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা ফেনীতে চারজনকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।