

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান কপ সম্মেলনে বাংলাদেশের দাবি তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জলবায়ুকর্মী তরুণ-তরুণীরা প্রতীকী মৃতদেহ সেজে কাফনের কাপড় পরে অভিনব প্রতিবাদ জানান।
কর্মসূচির শুরুতে জলবায়ু ন্যায্যতার দাবিতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। পরে মিছিলটি প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত ও শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে উপকূলের মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। তাই চলমান কপ সম্মেলনে বাংলাদেশের জন্য পর্যাপ্ত ও ন্যায্য জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করতে হবে। উপকূলীয় মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি ও কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।
জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, ১৫ নভেম্বর সিডর দিবস। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণহানি ঘটে এবং বহু মানুষ আহত ও সর্বস্বান্ত হন।
সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডরের ক্ষত এখনো উপকূলবাসীর মনে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। তাই বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।