

মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার,গাজীপুর।
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাসুদুর রহমান মিলন, সাংগঠনিক সচিব মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তবতা ও সত্য তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সাংবাদিক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সমাজ আরও সুন্দর ও সুশীল হয়ে উঠতে পারে।
তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো ধরনের হুমকি বা বাধার সম্মুখীন হলে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমকর্মীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
প্রধান আলোচক মোঃ আলমগীর গনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার অন্যতম বৃহৎ এই সাংবাদিক সংগঠনের গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম অতীতে সন্তোষজনক না হওয়ায় কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। এবার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি ভবিষ্যতে গাজীপুরের সাংবাদিকতা ও জনকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।
প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও সহযোগিতার মনোভাবের প্রশংসা করে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী শাকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়।
আলোচনা সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।