

বাইজিদ মন্ডল,হটুগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা,
শিক্ষার মান, শৃঙ্খলা ও সুনামের কারণে অভিভাবকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে হটুগঞ্জের বশর আলীস্থিত আল আমিন মিল্লী মিশন (উচ্চমাধ্যমিক)। এই প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সীমিত আসনের কারণে ভর্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র প্রতিযোগিতা।
জানা গিয়েছে, বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অথচ ২০১২ সালে মাত্র ২০ জন ছাত্রছাত্রীকে নিয়ে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ ১৪ বছরের যাত্রায় ধীরে ধীরে প্রতিষ্ঠানটি আজ একটি বৃহৎ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে জিডি স্টাডি সার্কেলের এমক্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয় গত ৩০ অক্টোবর। অন্যদিকে, আল আমিন মিল্লী মিশনে ভর্তির জন্য কয়েকশো অভিভাবক আবেদন করেন। বর্তমানে ৫০টিরও কম আসন খালি থাকায় প্রায় ২০০ জন পরীক্ষার্থীকে নিয়ে আজ কড়া নিরাপত্তা ও নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়। মেধার ভিত্তিতে নির্বাচিত মাত্র ৫০ জন ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।
এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল ওহাব এবং সভাপতি আব্দুল গফফার। মুফতি আব্দুল ওহাব তাঁর বক্তব্যে মাত্র ২০ জন পড়ুয়াকে নিয়ে প্রতিষ্ঠান গড়ে তোলার প্রাথমিক পর্যায়ের সংগ্রাম, বর্তমান সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অন্যদিকে, প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল গফফার শিক্ষাব্যবস্থা, ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা, নৈতিক শিক্ষা এবং সার্বিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মাত্র ২০ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানে আজ প্রায় ৫০০ জন পড়ুয়ার শিক্ষা গ্রহণ নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সাফল্য। শিক্ষার প্রসার এবং আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আল আমিন মিল্লী মিশনের এই অগ্রযাত্রা আগামী দিনে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদী অভিভাবক মহল।