

ডেইলি জনতার ডায়েরি | নিজস্ব প্রতিবেদক
দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নয়, বরং আখিরাতের সফলতাকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখে জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একজন মুমিনের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সংগঠনের সব কর্মকাণ্ডেও আখিরাতমুখী চিন্তার প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি সংগঠনকেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, ‘দুনিয়া নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।’
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির মধ্যে হতাশা তৈরি করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, জাতি দেখতে চায়, দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে এক হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি।
সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে জামায়াত। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে দলটির অবস্থান অটুট থাকবে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে সংসদে যথাযথ জবাব না পাওয়া গেলে জনগণের আদালতে কথা বলতে হবে।
তিনি দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সঞ্চালনা করেন। শুরুতে জামায়াত আমির মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।